পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঈদে মুক্তি পাচ্ছে কোন ৬ সিনেমা

Md Abu Bakar Siddique
জুন ৪, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

‘তাণ্ডব’ সিনেমার পোস্টার
                                                                                                                                                                                                   ‘তাণ্ডব’ সিনেমার পোস্টার

ঈদের সিনেমা নিয়ে ঢালিউড অঙ্গনে এখন জোর তোড়জোড়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। কেউ প্রচার, কেউ পোস্টের কাজ শেষ করছেন। ঈদে এবার ১০টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছিল। সেখানে থেকে নাদান, সর্দারবাড়ির খেলা, শিরোনাম, পিনিক সিনেমাগুলো সরে গেছে। শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে রয়েছে ছয়টি সিনেমা—তাণ্ডব, উৎসব, ইনসাফ, টগর, এশা মার্ডার: কর্মফল, নীলচক্র।

শুটিংয়ের শুরুর দিকেই প্রকাশ্যে আসে শাকিব খানের লুকের ছবি। তার পর থেকে আলোচনায় ‘তাণ্ডব’। এতে আরও রয়েছেন জয়া আহসান। গত সোমবার রাতে এসেছে সিনেমাটির গান ‘লিচুর বাগানে’। গানটিতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। সম্প্রতি সিনেমার পরিচালক শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, সিনেমার ডাবিং শেষ। সিনেমা কি তাহলে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে গেছে? সে প্রশ্ন ছিল পরিচালক রায়হান রাফীর কাছে। তিনি দেশের বাইরে রয়েছেন বলে জানালেন। এ বিষয়ে সিনেমার প্রযোজকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের সিনেমা ঈদের দিন থেকেই দেশের সব প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পারবে। সে প্রক্রিয়া শেষ করেই সিনেমাটি সম্পর্কে দর্শকদের জানাব। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আপাতত কিছু বলতে চাই না।’

‘উৎসব’ সিনেমার পোস্টার
                                                                                                                                                                                              ‘উৎসব’ সিনেমার পোস্টার

গত মাসের মাঝামাঝিতে হঠাৎ জানা যায়, ঈদুল আজহার সিনেমায় যুক্ত হচ্ছে ‘উৎসব।’ পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির জোর প্রচারণা শুরু হয়েছে। সিনেমার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’ রোববার সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছিল। গতকাল মঙ্গলবার সার্টিফিকেশন সনদ পেয়েও গেছে। দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর।

‘ইনসাফ’ সিনেমার পোস্টার
                                                                                                                                                                                                ‘ইনসাফ’ সিনেমার পোস্টার

শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ইনসাফ-এর টিজার, লুক দর্শক পছন্দ করেছেন। অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েই চলেছে। রাজ ও মোশাররফ করিমের অ্যাকশন ভিন্নভাবে দর্শক পর্দায় পাবেন। আলোচিত এ সিনেমার এখনো শেষ মুহূর্তের কাজ চলছে। সিনেমাটি হলে দর্শক দেখবেন, সে ব্যাপারে নিশ্চিত পরিচালক সঞ্জয় সমাদ্দার। খবর নিয়ে জানা যায়, সিনেমাটি সোমবার সেন্সরে জমা পড়েছে।

‘টগর’ সিনেমার পোস্টার
                                                                                                                                                                                                 ‘টগর’ সিনেমার পোস্টার

গান ও টিজার দিয়ে প্রচারণায় বেশ সরব টগর সিনেমার টিম। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। ইতিমধ্যে সিনেমাটি সেন্সরেও জমা পড়েছে। সিনেমায় জুটি হয়েছেন আদর আজাদ ও পূজা চেরী।

‘এশা মার্ডার: কর্মফল’ গত বছরই মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। এবার ঈদুল ফিতরেও সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে জানা যায়, সিনেমাটির কিছু শুটিং বাকি রয়েছে। এবার সব কাজ শেষে সিনেমাটি ঈদে মুক্তির দিন গুনছে বলে জানালেন পরিচালক সানী সানোয়ার। পরিচালক বলেন, ‘সিনেমাটি বুধবার সার্টিফিকেশন বোর্ডে জমা দিয়েছি। সম্ভবত সিনেমাটি দেখেছেন সম্মানিত বোর্ডের সদস্যরা। আশা করছি, আমাদের সিনেমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। হয়তো শিগগিরই সার্টিফিকেশন সনদ পাবে। অপেক্ষায় রয়েছি।’

‘এশা মার্ডার: কর্মফল’  সিনেমার পোস্টার
                                                                                                                                                                                       ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার পোস্টার

চলতি বছরের ফেব্রুয়ারিতে সার্টিফিকেশন সনদ পায় ‘নীলচক্র।’ আরিফিন শুভ ও মন্দিরা অভিনীত সিনেমার টিজার, পোস্টার পছন্দ করেছেন দর্শক। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘যেতে যেতে’ গানটিও দর্শকেরা সিনেমা-সংশ্লিষ্ট গ্রুপগুলোতে ভাগাভাগি করছেন। সিনেমা নিয়েই ব্যস্ত পরিচালক মিঠু খান। তিনি বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে প্রস্তুত। শুভ ভাই, মন্দিরা—সবাই প্রচারণায় ব্যস্ত। ঈদে সিনেমাটি শুধুই সিনেপ্লেক্সে মুক্তি পাবে। পরে আমরা সিনেপ্লেক্সের বাইরে যাব।’

‘নীলচক্র’ সিনেমার পোস্টার
                                                                                                                                                                                                ‘নীলচক্র’ সিনেমার পোস্টার

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের একজন বলেন, ‘বেশির ভাগ সিনেমাই শেষ মুহূর্তে জমা পড়ছে। এটি একটি ট্রেন্ড হয়ে যাচ্ছে। এগুলো কখন দেখব, আর কখন সনদ পাবে, বুঝতে পারছি না। সিনেমাগুলো আগে জমা দিলে সুবিধা হয়। তবে সিনেমা যখনই জমা পড়ুক, আমাদের কাজ আমরা করব।’সর্বশেষ তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘‘ঈদের সব সিনেমা আজ সার্টিফিকেশন সনদ পেয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।