গুগল ফটোস ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বাড়াচ্ছে গুগল। এখন থেকে জেমিনি স্পার্কের সাহায্যে গুগল ফটোসের বিভিন্ন কাজ করা যাবে। ছবি সম্পাদনা ও অ্যালবাম তৈরি থেকে শুরু করে নানা কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে এই এআই সুবিধা।
গুগল জানিয়েছে, জেমিনি স্পার্ককে নির্দেশ দিয়ে গুগল ফটোসে থাকা ছবির অ্যালবাম গোছানো যাবে। পছন্দের ছবিগুলো নিয়ে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করা অ্যালবামও তৈরি করতে পারবে এটি।
শুধু তা-ই নয়, কোনো অনুষ্ঠানের প্রচারপত্রের ছবি থেকে তথ্য সংগ্রহ করে ক্যালেন্ডারে সেই অনুষ্ঠানের সময়সূচি যুক্ত করতে পারবে জেমিনি স্পার্ক। একাধিক কাজ একসঙ্গে মিলিয়ে নির্দিষ্ট কর্মপ্রবাহও চালানো যাবে।
গুগল ফটোসের প্রধান শিমরিত বেন-ইয়ার বৃহস্পতিবার এক পোস্টে নতুন সুবিধাগুলোর কথা জানান। গুগল বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের যোগ্য ব্যবহারকারীদের জন্য সুবিধাগুলো চালু করা হবে। তবে আপাতত ইংরেজি ভাষায় এবং জেমিনি এআই প্রো ও আল্ট্রা গ্রাহকেরাই এসব সুবিধা ব্যবহার করতে পারবেন।
অন্য দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা কবে থেকে এসব সুবিধা পাবেন, তা জানায়নি গুগল। ছবি ব্যবস্থাপনার ঝামেলা কমানোই গুগলের এই উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমানে অনেকের ফোন ও অনলাইন সংরক্ষণাগারে হাজার হাজার ছবি থাকে। সেগুলো গোছানো কিংবা অ্যালবাম তৈরি করতে সময় লাগে। জেমিনি স্পার্ক এসব কাজ সহজ করতে পারে।
তবে এআই নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠছে। অনেক প্রতিষ্ঠান নতুন নতুন এআই সুবিধা আনলেও সেগুলোর সবগুলো মানুষের জন্য অপরিহার্য নয়। এআইকে সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন প্রযুক্তি খাতের অনেকে।
জেমিনি স্পার্ক ব্যবহার করতে প্রথমে গুগল ফটোসকে জেমিনির সঙ্গে যুক্ত করতে হবে। এরপর জেমিনি অ্যাপের ওপরের কোণায় স্পার্ক সুবিধা চালু করে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।


