পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

Main Admin
জানুয়ারি ২৩, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

বৈশ্বিক সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে এই সনদে সই করেন ট্রাম্প। একইসঙ্গে এতে সই করেছেন ১৯ দেশের নেতা। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ট্রাম্প নিজেই।

‘শান্তি পর্ষদে’ যোগ দিয়েছে যেসব দেশ:

উদ্বোধনী অনুষ্ঠানে সনদ সইয়ের মঞ্চে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ১৯ দেশের প্রতিনিধি। এর মধ্যে রয়েছেন ট্রাম্পের দুই ঘনিষ্ঠ মিত্র—হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। তুরস্ক, মিসর, সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি আঞ্চলিক শক্তি এবং ইন্দোনেশিয়ার মতো উদীয়মান অর্থনীতির দেশও যোগ দিয়েছে এ পর্ষদে।

এ নিয়ে ট্রাম্প মজা করে বলেন, তাদের বেশিরভাগই খুব জনপ্রিয় নেতা, কেউ কেউ আবার ততটা জনপ্রিয় নন। জীবন এমনই।

যে ১৯ দেশের নেতারা সাক্ষর করেছেন তারা হলেন- আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, বাহরাইনের আমির শেখ ইসা বিন সালমান আল খলিফা, বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোজেন ঝেলিয়াজকভ, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, জর্ডানের উপ-প্রধানমন্ত্রী আয়মান সাফাদি, কাজাখাস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ, কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানী, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী গম্বোজাভিন জানদানশাতার, মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, সংযুক্ত আরব আমিরাতের নির্বাহী বিষয়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান খালদুন আল মুবারক ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরোমোনোভিচ মিরজিওয়েভ।

শান্তি পর্ষদের মোট সদস্য সংখ্যা কত হবে তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্পের মতে, ৫০টি দেশ এই পর্ষদে যোগ দিতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত আরও ৩৫টি দেশ এই পর্ষদে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

অনেকে যোগ দেওয়ার কথা বললেও উদ্বোধনী অনুষ্ঠানে তাদের দেখা যায়নি। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুষ্ঠানে দেখা যায়নি।

মিশর জানায়, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আমন্ত্রণ গ্রহণ করেছেন, তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন পর্ষদে যোগ দিতে সম্মত হয়েছেন।

যদিও পুতিন জানিয়েছেন, তিনি আমন্ত্রণটি এখনও পর্যালোচনা করছেন।

কারা এখনও যোগ দেয়নি:

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্র ও পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশের এ পর্ষদে যোগ দেওয়া নিয়ে অনীহা স্পষ্ট।

যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স) কেউ এখনো শান্তি পর্ষদে যোগ দেয়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ মার্কিন ঘনিষ্ঠ মিত্ররা এই উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

ফ্রান্স যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাজ্য বলেছে, আপাতত তারা যুক্ত হচ্ছে না।

চীন এ বিষয়ে এখনো অবস্থান জানায়নি।

রুশ প্রেসিডেন্ট পুতিন আমন্ত্রণ পর্যালোচনা করছেন উল্লেখ করে বলেন, ‘ফিলিস্তিনি জনগণকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে জব্দ থাকা রুশ সম্পদ থেকে একশ কোটি ডলার দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিনের সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়টি তিনি কল্পনাও করতে পারেন না।

গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন পেয়েছে ‘বোর্ড অব পিস।’

তবে সংস্থাটির মুখপাত্র রোলান্ডো গোমেজ স্পষ্ট বার্তা দিয়েছেন—কেবলমাত্র ওই প্রেক্ষাপটেই পর্ষদের সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততা সীমাবদ্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।