ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে এ ঘোষণা দেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদাভাবে নির্বাচন করবে। সে কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জামায়াতের দুই প্রার্থী ঠিক করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচন করবেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আর দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন করবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
এদিকে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা প্রথাগত রাজনীতি করে এবং এই ভূখণ্ডের ইতিহাস জানে না, তারা এ ধরনের আচরণ করতে পারে।


