সাম্প্রতিক বন্যা, টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আগামী ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটকদের জন্য এই পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিম আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক দিনের টানা বৃষ্টিতে নদী ও ছড়ার পানির প্রবাহ বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দেবতাখুম পর্যটনকেন্দ্রের বিভিন্ন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এসব অবকাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন।
প্রশাসনের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক তদারকি জোরদারের আহ্বান জানিয়েছে।

