বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত চেয়ে করা বিচারাধীন রিটে দাখিল করা সম্পূরক আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। ফলে আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায়–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আর বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিম এম রহমান।
শুনানি শেষে ব্যারিস্টার মাহিম এম রহমান সাংবাদিকদের বলেন, আদালত বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা সম্পূরক আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে আদালত জানিয়েছেন, এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবির নির্বাচন নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।
তিনি আরও বলেন, মোহাম্মদ মোশারফ নামের এক ব্যক্তি গত মার্চে বিসিবির গঠনতন্ত্রের একটি ধারা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। পরে বিচারাধীন সেই রিটে সম্পূরক আবেদন করে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিত চাওয়া হয়। তবে শুনানি শেষে আদালত নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত দেন।

