দেশ ছাড়ার কথা জানানো টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার শিশুটির বাবা শাহজালাল রুমি দেশেই আছেন। তাঁর বিরুদ্ধে করা মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁর আইনজীবী এইচ. এম. রুহুল আমীন মোল্লা (হাসান) ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী বলেন, আইনি সহায়তার জন্য গতকাল বিকেল থেকে রুমি তাঁর চেম্বারে অনেকক্ষণ অবস্থান করেন। তাঁর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানির তারিখ এখনো জানা যায়নি।
এই আইনজীবী আরও বলেন, শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক। বিচারব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রেখে তিনি আইনি পথেই নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সুবিচার নিশ্চিত করতে চান।
এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি।
পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা করেন।
এরপর মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় শিশুটির বাবার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
পাল্টা মামলা হওয়ার পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি। গতকাল সোমবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’


