নির্বাচনের পর ছুটির মধ্যেই আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) কয়েকটি ব্যাংকের শাখা ও উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জ্বালানি তেল সরবরাহ নির্বিঘ্ন রাখতে ডিলারদের লেনদেন সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের আবেদনের পর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের শাখা ও উপশাখা সীমিত পরিসরে খোলা থাকবে।
যেসব ব্যাংক ও শাখায় লেনদেন চলবে—
পূবালী ব্যাংক পিএলসি:
নারায়ণগঞ্জের ফতুল্লা, খুলনার খালিশপুর, দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের শাপলা চত্বর, চট্টগ্রামের আগ্রাবাদ, চাঁদপুর প্রধান, ঝালকাঠি, বরিশাল, কিশোরগঞ্জের ভৈরব বাজার ও সিলেটের বড়ই কান্দি শাখা।
উত্তরা ব্যাংক পিএলসি:
খুলনার খালিশপুর শাখা।
জনতা ব্যাংক পিএলসি:
সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি:
সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।
ওয়ান ব্যাংক পিএলসি:
দিনাজপুরের পার্বতীপুর উপশাখা।
এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল।

