পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টা ১৯ মিনিটে মারা গেছেন দেশের প্রবীণ রাজনীতিক, আইনজীবী ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন কর্মী, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
ব্যক্তিজীবনে তাঁর স্ত্রী নূর আখতার ২০২৩ সালে মারা যান। তিনি এক কন্যা ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর ছেলে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএ) ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন।
দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে পরিচিতি পান।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। দলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে তাঁর দীর্ঘ অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।