উপসচিব পদে ২৭৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁদের মধ্যে ২৬২ জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে। বাকি ১৫ জন কর্মকর্তা বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত।
সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখ করা কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হয়ে থাকলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তাঁকে যোগদানপত্র দাখিল করতে হবে।
এতে আরও বলা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্ন ধরনের তথ্য পাওয়া গেলে তাঁর ক্ষেত্রে এ আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন। ই-মেইল ঠিকানা: sal@mopa.gov.bd।
দূতাবাসের ১৫ কর্মকর্তাও পদোন্নতি পেলেন
দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের ১৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে।
আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত (আপগ্রেডেড) পদে যোগদান করবেন। এরপর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
এতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে ওই পদের বেতন-ভাতা পাবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাওয়েন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের জন্য নির্ধারিত হার প্রযোজ্য হবে।
কোনো কর্মকর্তা বদলি হলে বা অন্য কোনো কারণে পদটি শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।

