প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) ব্যালন ডি’অর বিজয়ী তারকা ওসমান ডেম্বেলে এবং কোচ লুইস এনরিকের মধ্যে প্রকাশ্য কথা কাটাকাটি শুরু হয়েছে। এই ঘটনার পর ডেম্বেলে হয়তো ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন উঠেছে। আর ডেম্বেলে পিএসজি ছাড়লে তাকে দলে নিতে আগ্রহী ইংলিশ ক্লাব আর্সেনাল।
ঘটনার সূত্রপাত লিগ ওয়ানে রেনের কাছে ৩-১ গোলে পিএসজির হারকে কেন্দ্র করে। সেই ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ ছিলেন ডেম্বেলে। ম্যাচ শেষে সতীর্থদের সমালোচনা করে ডেম্বেলে বলেন, আমরা যদি মাঠে ব্যক্তিগত নৈপুণ্যের কথা চিন্তা করে খেলি, তবে আমরা জিততে পারব না। আমাদের ক্লাবের কথা আগে ভাবতে হবে।
তিনি বলেন, গত মৌসুমে আমরা নিজেদের চেয়ে ক্লাবকে বড় করে দেখেছিলাম। শিরোপা জিততে হলে আমাদের সেই মানসিকতায় ফিরতে হবে।
ডেম্বেলের এই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি কোচ লুইস এনরিকে। সংবাদ সম্মেলনে তিনি ডেম্বেলের বক্তব্যকে মূল্যহীন বলে উড়িয়ে দেন। এনরিকে বলেন, ম্যাচ শেষে খেলোয়াড়রা কী বলল তার কোনো দাম নেই। আমি কখনোই কোনো খেলোয়াড়কে ক্লাবের চেয়ে বড় হতে দেব না। দলের দায়িত্ব আমার, আর আমিই সিদ্ধান্ত নেব।
এনরিকে আরও যোগ করেন যে, হারের রাগে ডেম্বেলে এসব আবোল-তাবোল বলছেন। পিএসজিতে কোচ বা প্রেসিডেন্টের চেয়ে কোনো খেলোয়াড় বেশি গুরুত্বপূর্ণ নয়।
এদিকে, রেনের কাছে হারের ফলে পিএসজি এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে মাত্র ২ পয়েন্ট এগিয়ে আছে। কোচ এনরিকে স্বীকার করেছেন যে, এই ফলাফল দলের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। তবে দলের ফুটবলারদের নিয়ে ডেম্বেলের প্রকাশ্যে সমালোচনা কোনোভাবেই সমর্থন করতে পারছেন না তিনি।
এই ঝামেলার সুযোগ নিয়ে ডেম্বেলেকে লন্ডনে উড়িয়ে নিতে চায় আর্সেনাল। দলবদলের বাজারে গুঞ্জন ছড়িয়েছে যে, ডেম্বেলে যদি প্যারিসে অসুখী থাকেন তবে তাকে দলে টানার চেষ্টা করবে গানার্সরা।

