ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্থানীয় হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার সকালে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিকভাবে কোচির দেবমাথা হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। কেরালার এরনাকুলাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম সাংবাদিকদের জানান,
“সকালে হাঁটার সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও নিরাপত্তা কর্মকর্তারা।”
রাইলা ওডিঙ্গার মৃত্যুর খবরটি তাঁর কার্যালয়ের একাধিক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে নিশ্চিত করেছেন।
আফ্রিকার রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল মুখ
রাইলা ওডিঙ্গা ছিলেন কেনিয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন (১৯৯৭, ২০০7, ২০১৩, ২০১৭ এবং ২০২২), তবে কখনও বিজয়ী হতে পারেননি।
তিনি ছিলেন স্বাধীন কেনিয়ার প্রথম উপ-রাষ্ট্রপতি জারামোগো ওগিঙ্গা ওডিঙ্গার পুত্র। গণতন্ত্র, মানবাধিকার এবং সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের জন্য তিনি বহুবার কারাবরণ করেন, এমনকি আট বছর জেল খাটেন ও বিদেশে নির্বাসিতও ছিলেন।
মৃত্যুতে শোকের ছায়া
রাইলা ওডিঙ্গার মৃত্যুতে কেনিয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে, দেশের প্রধান বিরোধী দলের নেতৃত্বে এখন বড় একটি শূন্যতা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,
“২০২৭ সালের নির্বাচনের আগে এই মৃত্যু কেনিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।”
তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করছেন এবং তার অবদানের কথা স্মরণ করছেন।
তথ্যসূত্র: বিবিসি, এপি, আল-জাজিরা

