পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার ফরিদারপাড়ায় নাঈম হাসানের পৈতৃক বাসায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিএমপি কমিশনার জানান, ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রমও শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যদি অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অপেশাদার আচরণ কিংবা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না।

হাসান মো. শওকত আলী বলেন, ‘কারও ব্যক্তিগত অপরাধের দায় পুরো পুলিশ বাহিনী নেবে না। যার দায়, তাকেই জবাবদিহির আওতায় আনা হবে। জড়িত ব্যক্তিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

এর আগে তিনি নাঈম হাসানের বাবা মাহাবুব আলম ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা থেকে ম্যাচ খেলে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে খুলশী থানাধীন লালখান বাজার ফ্লাইওভারের নিচে নাঈমকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে পুলিশের একটি টহল দল।

অভিযোগ রয়েছে, সেখান থেকে তাঁকে নামিয়ে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা হয় এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে দায়িত্ব পালনে অপেশাদার আচরণের অভিযোগে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ভূঁইয়া এবং কনস্টেবল রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোহেল নামের এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চোরাচালানের মালামাল বহনের সন্দেহে সিএনজিচালিত অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। তবে এ ধরনের অভিযানের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন নেওয়ার নিয়ম থাকলেও তা অনুসরণ করা হয়নি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, নাঈম হাসান কান্নাজড়িত কণ্ঠে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করছেন।

নাঈমের অভিযোগ, তিনি জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয়পত্র দেখালেও তাঁকে ছাড় দেওয়া হয়নি। বরং তাঁকে ‘আসামি’ বলে চুপ থাকতে বলা হয় এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়। থানায় নেওয়ার পরও তিনি অসম্মানজনক আচরণের শিকার হয়েছেন বলে দাবি করেন।

ঘটনার পর মধ্যরাতে থানায় ছুটে যান নাঈমের স্বজন ও স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, অফ স্পিনার নাঈম হাসান ২০১৮ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক করেন। অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নিয়ে তিনি সর্বকনিষ্ঠ বাংলাদেশি বোলার হিসেবে পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েন। এখন পর্যন্ত ১৪টি টেস্টে ৪৮টি উইকেট নিয়েছেন তিনি। চারবার ইনিংসে পাঁচ উইকেট শিকারের কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।