খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামে ভর্তির আবেদন ৭ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৮ ডিসেম্বর স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলোর পরীক্ষা এবং বি ইউনিটে থাকবে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৯ ডিসেম্বর সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটে থাকবে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ডি ইউনিটে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে ২০২৬ সালের ২৫ জানুয়ারি ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে। ভর্তি পদ্ধতিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://ku.ac.bd-তে পাওয়া যাবে।

