পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘জনস্বার্থে আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে’—খুলনার সমাবেশে শফিকুর রহমান

খুলনা প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত করতে ভবিষ্যতে আরেকটি অনিবার্য গণআন্দোলনের প্রয়োজন হতে পারে। তবে সেই আন্দোলন কোনো ব্যক্তি, পরিবার বা রাজনৈতিক গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যেই হওয়া উচিত।

শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের ফল বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন জাতীয় দাবি নিয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এ সমাবেশের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের তরুণ সমাজকে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য প্রস্তুত হতে হবে। তিনি দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অঙ্গীকারের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধ থাকা প্রয়োজন। জনগণের রায় ও মতামতের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বানও জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তার দল সক্রিয় ভূমিকা পালন করবে। তবে প্রয়োজন হলে জনগণের দাবি আদায়ে গণতান্ত্রিক আন্দোলনের পথেও তারা থাকবেন বলে উল্লেখ করেন।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও সংঘাত এড়ানোর স্বার্থে তারা পরিস্থিতি মেনে নিয়েছেন। একই সঙ্গে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার কথাও জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়ার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জনগণও সচেতন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক চায়। তবে দেশের স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধান।

সমাবেশে বক্তারা বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।