অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৮ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়।
পদত্যাগকারী আইন কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি দাবির প্রেক্ষাপটে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। দাবিগুলো হলো—জুলাই সনদের বাস্তবায়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশকে আইনে পরিণত করা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পদত্যাগকারী আইন কর্মকর্তাদের বেশির ভাগই জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত। দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তাঁরা একযোগে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
এ ছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, জাকির হোসেন ও রেজাউল ইসলাম।
পদত্যাগের ঘটনায় আইন অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সরকার বা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

