পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প শেষ হলে ঢাকায় মিলবে দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

কাজের ৯৭ শতাংশ সম্পন্ন, আগামী এক বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের আশা; ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পটির অবশিষ্ট কাজ শেষ হলে ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রকল্পের মূল পানি শোধনাগার এবং সংশ্লিষ্ট অবকাঠামোর প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি পুরোপুরি চালু করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্প চালু হলে ঢাকার পানির চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। দীর্ঘমেয়াদে নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী আরও জানান, বর্তমান প্রকল্পের প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর আরও একটি নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। সেই প্রকল্প বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে। ফলে দুটি প্রকল্প মিলিয়ে প্রতিদিন প্রায় ১০০ কোটি লিটার ভূপৃষ্ঠের পানি সরবরাহের সক্ষমতা তৈরি হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীকেন্দ্রিক পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, দূষণজনিত ঝুঁকি মোকাবিলা এবং ঢাকার জন্য পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প এলাকা পরিদর্শনের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।