ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ শিশিরকে আওয়ামী লীগের মিছিলে ‘অর্থায়নের অভিযোগে’ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে ওই আদেশ দেন।এর আগে আসামিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আল আমিন।তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় লাভলু মোল্লাহর জামিন চেয়ে আবেদন করা হয়।
বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।সূত্র জানায়, আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি।মামলার বিবরণে বলা হয়েছে, গত ৩১ মে ভোর সাড়ে ৬টার শাহবাগের পরীবাগ এলাকায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশে স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।এ ঘটনায় ১ জুন রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন উপ-পরিদর্শক কামাল উদ্দিন মিয়া।
লাভলু মোল্লাকে এ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।লাভলু মোল্লাহ ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা যায়।

