পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে ৩ ইউনিয়ন গঠন, সংসদে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে আলোচনা ও বিতর্ক হয়েছে। জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর দুই ছেলে ও তাঁর পৈতৃক বাড়ির নাম অনুসারে তিনটি ইউনিয়নের নাম রাখা হয়েছে। তবে প্রতিমন্ত্রী এ অভিযোগ নাকচ করে বলেছেন, নামগুলো প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে এবং এগুলোর সঙ্গে তাঁর পরিবারের কোনো সম্পর্ক নেই।

আজ সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিষয়টি উত্থাপন করেন শফিকুল ইসলাম মাসুদ।

মীর শাহে আলম বগুড়া-২ আসনের সংসদ সদস্য। সম্প্রতি তাঁর নির্বাচনী এলাকার শিবগঞ্জ উপজেলার অংশ নিয়ে নতুন ‘মোকামতলা উপজেলা’ গঠন করা হয়েছে। এর আওতায় কয়েকটি নতুন ইউনিয়নও গঠিত হয়।

সরকারি গেজেট অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন বিভক্ত করে ‘সীমান্ত ইউনিয়ন’ এবং দেউলী ইউনিয়ন ভেঙে ‘দিগন্ত ইউনিয়ন’ গঠন করা হয়েছে। এ ছাড়া ময়দানহাট্টা, শিবগঞ্জ ও মোকামতলা ইউনিয়নের অংশবিশেষ নিয়ে গঠন করা হয়েছে ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’। একই সময়ে ‘মীরবাড়ী’ নামে আরও একটি ইউনিয়ন গঠনের গেজেট প্রকাশিত হয়েছে।

সংসদে বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’ এবং তাঁর দুই সন্তানের নাম ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। ফলে নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, পরিবারের সদস্যদের নামে সরকারি প্রতিষ্ঠান বা স্থাপনার নাম না রাখার নীতির সঙ্গে এ ঘটনা সাংঘর্ষিক।

অভিযোগের জবাবে ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নতুন ইউনিয়নগুলোর নাম স্থানীয় প্রশাসনের সুপারিশ ও গণশুনানির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে গাইবান্ধা সীমান্তঘেঁষা দূরবর্তী অঞ্চলের জন্য ‘দিগন্ত ইউনিয়ন’ নাম নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, মীর শাহে আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে ‘মীর সীমান্ত ফিলিং স্টেশন’ ও ‘মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি’ নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম ব্যবহৃত হচ্ছে। তাঁর সন্তানদের নামের সঙ্গে নতুন ইউনিয়নের নাম মিলে গেলেও এটি কাকতালীয়। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে নামকরণ করা হলে ইউনিয়নের নামের আগে ‘মীর’ শব্দটি যুক্ত করা হতো।

সংসদে বক্তব্যের সময় তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘সীমান্ত ব্যাংক’, ‘সীমান্ত এক্সপ্রেস’ বা ‘দিগন্ত টাওয়ার’ তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়; একইভাবে ইউনিয়নের নামও তাঁর পরিবারের নামে রাখা হয়নি।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে উত্থাপিত অভিযোগ ও প্রতিমন্ত্রীর ব্যাখ্যা—দুটিই কার্যবিবরণীতে থাকবে। প্রয়োজন হলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।

গেজেট অনুযায়ী, ১১টি মৌজা নিয়ে গঠিত সীমান্ত ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। আর আটটি মৌজা নিয়ে গঠিত দিগন্ত ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।