পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফেব্রুয়ারিতে শীর্ষ ৬ বিনিয়োগ সংস্থা একীভূত হচ্ছে: বিডা

Md Abu Bakar Siddique
অক্টোবর ২০, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে বিনিয়োগ–সংক্রান্ত ছয় সংস্থা একীভূত করা হবে। নতুন সংস্থার পরিচালনা পর্ষদ গঠনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। সার্বিক পথনকশা তৈরির জন্য আগামী মাসে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাঁরা জানান, আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নতুন সংস্থার কাঠামো ও আইনি ভিত্তি তৈরি করবে।দেশে বর্তমানে বিনিয়োগ–সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শীর্ষ ছয় প্রতিষ্ঠান হচ্ছে—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, এই ছয় সংস্থাকে একীভূত করে বিনিয়োগ প্রচার ও অনুমোদনের ক্ষেত্রে একটি ‘সিঙ্গেল উইন্ডো’ বা কেন্দ্রীয় কাঠামো গঠনের পরিকল্পনা করছে সরকার।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (ব্যবসা উন্নয়ন) নাহিয়ান রহমান গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘উচ্চপর্যায়ের সরকারি কমিটিতে দুটি কাজ নির্ধারণ করা হয়েছে। প্রথমত, গভর্নিং বোর্ডের অধীন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কেন্দ্রীভূত করা। দ্বিতীয়ত, পুরো একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য স্বাধীন আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া।’

নির্বাহী সদস্য নাহিয়ান রহমান জানান, গত মাসের ১৫ তারিখে কমিটির বৈঠকে নতুন সংস্থার গভর্নিং বোর্ডের খসড়া ও সংশ্লিষ্ট আইনের প্রস্তাবনা তৈরি হয়েছে। পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলতি মাসের শেষে সম্পন্ন হবে। তারা নভেম্বরের শুরু থেকে কাজ শুরু করবে এবং কাজ শুরুর তিন মাসের মধ্যে পথনকশা দেবে। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে পুরো একীভূতকরণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাহী সদস্য নাহিয়ান রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা বলে আসছিলেন যে বিনিয়োগ সেবা দেওয়ার ক্ষেত্রে একক প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন। এখন তাঁদের একাধিক সংস্থায় যেতে হয় এবং অনেক সময় হয়রানির শিকার হতে হয়। সে জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে সংস্কার কমিশন ও শ্বেতপত্রের সুপারিশও আমলে নেওয়া হয়েছে।

নির্বাহী সদস্য নাহিয়ান রহমান আরও বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি আমরা। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে। লক্ষ্য হলো, যেন কোনো বিচ্যুতি না ঘটে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।