রূপালি পর্দার বাইরেও তারকাদের নিজস্ব একটি জগৎ রয়েছে। বয়স কিংবা শারীরিক পরিবর্তন নিয়ে কাউকে অপমান করা কোনো সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না—চড়া গলায় সেই কথাই আবার মনে করিয়ে দিলেন বলিউড তারকা সালমান খান।
সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে অনলাইন ট্রলিং, বডি শেমিং এবং পাপারাজ্জিদের অপেশাদার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান এই অভিনেতা। শুধু মুখে ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি, লাইভ মঞ্চে খুলে ফেলেন নিজের টুপি ও জ্যাকেট এবং মুছে ফেলেন মেকআপ। একই সঙ্গে সাইবার বুলিদের প্রতি খোলামেলা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
বিগ বসের মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে আলোচনার সময় সামাজিক মাধ্যমে কুরুচিকর আক্রমণের প্রসঙ্গ তোলেন সালমান। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, বয়স বেড়ে যাওয়া, ওজন বাড়া কিংবা চেহারার পরিবর্তন নিয়ে তাঁকেও নিয়মিত কটূক্তির শিকার হতে হয়। তবে এই ট্রলিং শুধু তাঁর একার জীবনে সীমাবদ্ধ নয়। সম্প্রতি ক্যাটরিনা কাইফের মাতৃত্বের কারণে চেহারায় পরিবর্তন আসা নিয়েও নানা কটাক্ষ করা হয়েছে। এ প্রসঙ্গেই নিজের বক্তব্য তুলে ধরেন সালমান।
তীব্র ক্ষোভের সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘তোমরা ট্রল করতে চাও কেন? মানুষকে হেয় করার এই মানসিকতা কেন আসে?’ কথাগুলো বলতে বলতেই ক্ষোভ প্রকাশ করেন ৬০ বছর বয়সী এই তারকা।
নিজের ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে সালমান বলেন, “আমার সঙ্গেও এমনটা হয়েছে। সবসময় বলা হয়—‘ভাই তো মোটা হয়ে গেছে!’ এই নাও, এবার ট্রল করো!” এ কথা বলেই নিজের টুপি ও জ্যাকেট খুলে ফেলেন তিনি। এরপর নিজের শার্ট খুলে বর্তমান ফিটনেস ও সুগঠিত শরীর দেখিয়ে চ্যালেঞ্জের সুরে বলেন, ‘করো এবার ট্রলিং! আগে নিজেদের চেহারা আয়নায় দেখো, তারপর অন্যকে নিয়ে মন্তব্য করতে এসো। অনর্থক মন্তব্য না করে আগে নিজের ও নিজেদের বাবা-মায়ের শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখো।’
সালমান আফসোস করে বলেন, ‘বর্তমানে সিনেমার অভিনয় বা শিল্পচর্চা নিয়ে সমালোচনার চেয়ে মানুষের শরীর ও চেহারা নিয়ে ব্যক্তিগত আক্রমণটাই যেন মুখ্য হয়ে উঠেছে।’
সমালোচকদের উদ্দেশে সালমান খানের এমন বিস্ফোরক ও সাহসী প্রতিবাদে বিগ বসের পুরো মঞ্চ করতালি ও চিৎকারে মুখর হয়ে ওঠে। প্রতিযোগীরা তাঁর এই রূপ ও ফিটনেসের প্রশংসা করেন এবং একযোগে সালমানের প্রতি তাঁদের ভালোবাসা ও সমর্থন জানান।


