মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই সফরে ব্যক্তিগত কোনো অর্জনের বিষয় ছিল না; যা কিছু অর্জিত হয়েছে, তা দেশের এবং দেশের মানুষের জন্য।
শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারকে দিয়েছে। সেই দায়িত্ব থেকেই বিদেশ সফরে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এই সফরে যদি কোনো ইতিবাচক ফল আসে, সেটি আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি বাংলাদেশের অর্জন, দেশের মানুষের অর্জন।’
‘বাংলাদেশ প্রথম’ নীতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, সরকার সবসময় ‘বাংলাদেশ প্রথম’ নীতিকে সামনে রেখে কাজ করছে।
তিনি বলেন, ‘সংসদের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে, এজন্য আমি সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞ। আমাদের রাজনৈতিক দর্শনের মূল কথাই হলো—বাংলাদেশ প্রথম।’
এ সময় তিনি সরকারি ও বিরোধী—উভয় পক্ষের সংসদ সদস্যদের ধন্যবাদ জানান। বিশেষ করে বিরোধীদলীয় নেতার সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেন।
সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত
এদিন সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সফল মালয়েশিয়া ও চীন সফরের জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। পরে এ বিষয়ে আলোচনা শেষে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সফরকে কূটনৈতিক সাফল্য হিসেবে মূল্যায়ন
আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দুই দেশের সফরের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।
কণ্ঠভোটের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংসদে হওয়া আলোচনায় স্পষ্ট হয়েছে যে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফর সম্পন্ন করেন।

