প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে সময় কাটছে তাঁর। পরিবারের পাশাপাশি শুটিংয়েও সময় দিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায় দেখা গেছে তাঁকে। এবার নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মৌসুমী। ‘আ বিউটিফুল লাই’ নামের সিনেমাটির গল্প লিখবেন এবং পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
জানা গেছে, ‘আ বিউটিফুল লাই’ শুরুতে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের কথা ভাবা হচ্ছে। সে অনুযায়ী চিত্রনাট্যও তৈরি করা হচ্ছে। শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং।
দেশে থাকাকালে নেয়ামুলের পরিচালনায় কাজ করেছেন মৌসুমী। বর্তমানে নেয়ামুলও যুক্তরাষ্ট্রে আছেন। সেখানেই মৌসুমীকে নিয়ে নতুন কাজের পরিকল্পনা করেছেন তিনি।
সিনেমাটি নিয়ে মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। থ্রিলারধর্মী গল্প। গল্পে যা কিছু ঘটছে, একটা মিথ্যার ওপর ঘটছে। তারপরও ভালো লাগছে মুহূর্তগুলো। তাই এর নাম দেওয়া হয়েছে আ বিউটিফুল লাই। প্রথমে টেলিফিল্ম নির্মাণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে পারে। যা-ই হোক, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক।’


