বছর দুয়েক আগে লিন লৈশরামের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। শনিবার এই অভিনেতার দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনেই দুই থেকে তিন হওয়ার সুখবর দিলেন রণদীপ-লিনা দম্পতি।বিশেষ দিনটি বিশেষভাবে উদ্যাপন করতে তারা একান্তে সময় কাটাচ্ছেন রণদীপ-লিনা।তেমনই এক মুহূর্তের ছবি শেয়ার করেছেন রণদীপ। লিন আর তিনি এক গভীর জঙ্গলে। সামনে আগুন জ্বলছে। হাতে হাত রেখে উভয়ে যেন আগামী আরও অনেকগুলো বছর একসঙ্গে পথ চলার শপথ নিচ্ছেন।সুখবরটি শেয়ার করে ক্যাপশনে রণদীপ লিখেছেন, ‘দুটো বছরের রোমাঞ্চকর অভিযান, উদ্দাম ভালোবাসা পেরিয়ে অবশেষে… তৃতীয় ছোট্ট ‘জংলি’ আসছে!’
জঙ্গলে নিজেদের সেই সময়ের অবস্থানকে ইঙ্গিত করেই যে অভিনেতার এই রসিকতা, বুঝেছেন তার অনুরাগীরা। অভিনেতার সন্তান আগমনের ঘোষণার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঘরে শুভেচ্ছার বানভাসি।এ বছরের দীপাবলিতে লিনের ছবি ভাগ করে নিতেই প্রথম গুঞ্জন ছড়ায় যে তিনি অন্তঃসত্ত্বা। যদিও সেই সময় দম্পতি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত, মঞ্চ এবং পর্দার খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহের নাট্যদল ‘মটলি’তে তারা একসঙ্গে অভিনয় করতেন। সেই সুবাদে তাদের বন্ধুত্ব, পরে যা গাঢ় প্রেমে রূপান্তরিত হয়। এরপর ২০২৩-এ সেই প্রেম পরিণতি পায়।

