পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Main Admin
মে ২৪, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর পালিয়ে যাওয়া প্রধান আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যেই প্রতিবেদন পাওয়া গেছে। পোস্টমর্টেম প্রতিবেদনও হাতে এসেছে। সব তথ্য-প্রমাণ একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং তা আদালতে জমা দেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আদালতের ছুটি থাকলেও দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটরও নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।