ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নির্বাচনসংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। তাঁর বিশ্বাস, সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
সিইসি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তাঁর জন্যও এটি সৌভাগ্যের বিষয়।
তিনি বলেন, দেশবাসী, পুরো জাতি ও বিশ্ববাসী জানে, নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ১৯৯১ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপর আর রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। ফলে বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে অভ্যস্ত নয়। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ ধরনের কার্যক্রম পরিচালনায় অভ্যস্ত নন। তারপরও প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও মহড়া সম্পন্ন করা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়ায় কোনো ঘাটতি না থাকে।
সংসদ অধিবেশন না থাকলেও হবে ভোট
সিইসি জানান, ১৯৯১ সালের আইনে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা রয়েছে। আইন ও বিধিমালা পর্যালোচনা করে নির্বাচন কার্যক্রমকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন চললে এক ধরনের ব্যবস্থা এবং অধিবেশন না চললে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলছে না। তবে অধিবেশন ডাকার প্রয়োজন নেই। শুধু রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে একটি বৈঠক আহ্বান করলেই হবে। আইনে নির্বাচনী কর্মকর্তাকে এ বৈঠক আহ্বানের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই বৈঠকে সংসদ সদস্যরা ভোট দেবেন।
ভোটার ৩৪৯ জন
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। আগামীকাল ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধীদলীয় নেতাও এ নির্বাচনের ভোটার বলে জানান সিইসি।
ভোট গ্রহণ ও গণনা হবে সরাসরি সম্প্রচার
এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল ৫টায় ভোট গণনা শুরু হলে সেটিও সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি বলেন, সংসদ সদস্যরা ভোটার হলেও ভোট দিয়ে চলে যেতে হবে এমন কোনো বিষয় নেই। তাঁরা ভোট গ্রহণের পর সেখানে উপস্থিত থাকতে পারবেন। এমনকি ভোট গণনার সময়ও তাঁরা উপস্থিত থাকতে পারবেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। ফলে এ নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়।
ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ
সিইসি বলেন, কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, কত ভোট বাতিল বা নষ্ট হয়েছে—সব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগুলোও জানানো হবে। যিনি বিজয়ী হবেন বা সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তাঁর নাম ঘোষণা করা হবে। এরপর নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।


