রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে দলের স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে তারেক রহমান এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।
বৈঠক চলাকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রিজভী জানান, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি বিএনপির মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
মহাসচিব পদে কে আসছেন
বিএনপির মহাসচিবের শূন্য পদে কে দায়িত্ব পাচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, তাঁর কাছে দায়িত্ব দেওয়া আছে। তিনি যেভাবেই হোক, মতামত নিয়ে জানাবেন। সেটি আপনারা পরে জানতে পারবেন।’
তিনি বলেন, ‘এখন শুধু রাষ্ট্রপতি পদে দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার কথা আমরা জানালাম।’
বেলা ১২টায় শুরু হওয়া স্থায়ী কমিটির এ বৈঠকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন।
রিজভী জানান, বৈঠক চলছে। বৈঠকের মধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন।

