পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, সংবিধানে ইমিউনিটি আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান তাকে বিশেষ সুরক্ষা বা ইমিউনিটি দিয়েছে।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তিনি সেগুলো পাবেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন এবং স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে কেউ সমালোচনা বা বক্তব্য দিতে পারেন। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা থাকা উচিত। তবে এসব বক্তব্যের মধ্যে আমরা আমলে নেওয়ার মতো কিছু দেখছি না।’

এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ তোলার অধিকার সবার আছে। তবে সেগুলোর মধ্যে সরকার গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় দেখছে না।

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের সময়—এই তিন পর্যায়েই তিনি সংবিধান ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুযায়ী তিনি ইমিউনিটি ভোগ করেন। তাই ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। এর বাইরে কেউ বক্তব্য দিলে সেটা তাদের স্বাধীনতা, তবে আমলে নেওয়ার মতো কিছু দেখি না।’

লন্ডনে চিকিৎসার সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, ‘কোনো পত্রিকা যদি এমন সংবাদ প্রকাশ করে, তাহলে তাদের কাছে কী তথ্য-প্রমাণ আছে, সেটি তাদেরই জিজ্ঞাসা করতে হবে। আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আর এখনকার প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে লন্ডনে যেতে হয় না। ইন্টারনেটের মাধ্যমে যেকোনো স্থান থেকেই যোগাযোগ করা সম্ভব।’

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ের কোনো অভিযোগ থাকলে তা সে সময়ের আইন অনুযায়ী বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।