স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্বামীর মৃত্যুর পর দীপু মনির করা আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক তাঁর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।
একই দিন দুপুরে দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তাঁর আইনজীবী। এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তাঁর আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
দীপু মনির আইনজীবী জানান, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর কারাগার থেকে তাঁকে মুক্তির প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।


