সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে একদিনেই ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মামলাজট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। তাই পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।’
তিনি বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষ করে একদিনে ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রশংসনীয়।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মামলার জট নিরসনে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এবং সুপ্রিম কোর্ট প্রশাসন ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের আরও কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ প্রত্যাশা করি। দ্রুত মামলা নিষ্পত্তি হোক, বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান হোক, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরও সহজ, দ্রুত ও কার্যকর হোক।’
দ্রুত মামলা নিষ্পত্তিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মো. রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সম্প্রতি পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
তিনি আরও জানান, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতিদের দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করা হয়।
পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা।


