যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ভাইস-চ্যান্সেলরের বাণী পাঠ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তারপর বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে প্রশাসনিক ভবন, শহীদ মিনার, টিএসসি ও প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়।

