জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করা হচ্ছে না জানিয়ে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের নতুন তারিখ র্নির্ধারণ করেন। আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।
এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।
আজ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘আমরা দুঃখিত। রায় প্রস্তুত হয়নি। আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।’
এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৪ ডিসেম্বর। ওই দিন ট্রাইব্যুনাল বলেছিলেন, ২০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।
তবে আজ এ মামলার রায় প্রস্তুত না হওয়ায় ২৬ জানুয়ারি নির্ধারণ করা হলো।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মঙ্গলবারকে (২০ জানুয়ারি) রায়ের দিন হিসেবে ধার্য করেন। বিটিভিতে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে এদিন।
এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
এ ছাড়া পলাতক আসামিরা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ১৪ জুলাই চানখারপুল হত্যা মামলাটিতে পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

