পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চেষ্টা করবো ২০ সেঞ্চুরির, হয়তো বেশিও হতে পারে: তামিম

Md Abu Bakar Siddique
মার্চ ১৬, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। সিরিজের শেষ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। এর আগে প্রথম ম্যাচেও ফিফটি করে যৌথভাবে সিরিজসেরার পুরস্কার জেতেন এই বাঁহাতি ব্যাটার। এবার তিনি জানিয়েছেন, ভবিষ্যতে অন্তত ২০টি সেঞ্চুরি করার লক্ষ্য রয়েছে তার।

মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ৭টি ছক্কার ঝড়ে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম। ৪৫টি টি–টোয়েন্টি ও ৩১টি ওয়ানডে ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি।

তামিমের এই কৃতিত্বের পর জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি এই তরুণ ওপেনারের কাছ থেকে অন্তত ২০টি ওয়ানডে সেঞ্চুরি দেখতে চান।

তিনি লেখেন, “ওয়ানডেতে তামিমের একটি সেঞ্চুরি দেখার অপেক্ষায় ছিলাম— অবশেষে সেটি পূরণ হলো। প্রথম সেঞ্চুরি সবসময়ই বিশেষ। আশা করি, তার নামের পাশে অন্তত ২০টি সেঞ্চুরি দেখতে পাব। আমার বিশ্বাস, সে এই লক্ষ্য পূরণ করতে পারবে, ইনশাআল্লাহ।”

তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানতে চাইলে তামিম বলেন, তিনি এই লক্ষ্য অর্জনের চেষ্টা করবেন এবং হয়তো এর চেয়েও বেশি সেঞ্চুরি করতে পারবেন।

তিনি বলেন, “ইনশাআল্লাহ চেষ্টা করব ২০টি সেঞ্চুরি করার। হয়তো এর থেকেও বেশি হতে পারে। স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নেই— অবশ্যই চেষ্টা করব।”

এর আগে আরেক প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয়, ক্যারিয়ার শেষে কতগুলো ভালো ইনিংস নিজের নামের পাশে দেখতে চান। জবাবে সরাসরি কোনো সংখ্যা না জানিয়ে কৌশলী উত্তর দেন ২৫ বছর বয়সী এই ওপেনার।

তামিম বলেন, “আমি এত দূরের কথা ভাবতে চাই না। আমি সবসময় বর্তমান নিয়ে থাকতে পছন্দ করি। আজ যা হয়েছে, তা এখন অতীত। সামনে যে সিরিজ আসবে, সেখানে প্রতিটি ম্যাচে দলের জন্য ভালো অবদান রাখার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “প্রত্যেক ব্যাটারেরই লক্ষ্য থাকে প্রতিটি ম্যাচে ভালো করা, সেঞ্চুরি করা এবং দলের জন্য অবদান রাখা। আমারও চেষ্টা থাকবে— কীভাবে প্রতিটি ম্যাচে দলের জন্য সেরা অবদান রাখতে পারি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।