বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার প্রায় ছয় দিন পর মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে উত্তর আফ্রিকার দল আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচটির আগে আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরতে যাচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকায় প্রথম একাদশেই দেখা যাবে বিশ্বকাপজয়ী এই তারকাকে।
গোলবারের নিচেও ফিরছেন এমিলিয়ানো মার্টিনেজ। ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ায় প্রস্তুতি ম্যাচ ও কয়েকটি অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। তবে এখন ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট বলে জানিয়েছে দলের ঘনিষ্ঠ সূত্র।
রক্ষণভাগে একটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ লিওনেল স্কালোনি। ডান প্রান্তে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্তিয়েল খেলবেন, তা শেষ মুহূর্তে নির্ধারণ করা হবে। তবে দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছেন মোলিনা।
চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। সেন্টার-ব্যাকে তাঁর সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির খেলার সম্ভাবনাই বেশি।
তবে বাঁ প্রান্তে ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাফের চোটে পড়ায় ছিটকে গেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তাঁর জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে ফাকুন্দো মেদিনাকে।
মিডফিল্ডে আস্থা রাখা হচ্ছে পরিচিত ত্রয়ীর ওপর। রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার মাঝমাঠ সামলাবেন। তাঁদের একটু সামনে আক্রমণভাগের সঙ্গে সংযোগ রক্ষার দায়িত্বে থাকতে পারেন থিয়াগো আলমাদা।
আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে দারুণ ছন্দে থাকা লাউতারো মার্টিনেজের। গোড়ালির চোট কাটিয়ে দলে ফিরলেও হুলিয়ান আলভারেজকে শুরুতে বেঞ্চে রাখার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁকে নামানো হতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা (অথবা গঞ্জালো মন্তিয়েল), ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। আর সেই অভিযানের শুরুতেই সমর্থকদের নজর থাকবে মেসির দিকে। অধিনায়কের প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

