পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২০২৬ বিশ্বকাপই শেষ রোনালদোর, মেসিদের চেয়ে কম গোল নিয়ে যা বললেন

ক্রীড়া প্রতিবেদক
জুলাই ৬, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে এই ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
রোনালদো বলেন, ‘এখন আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করি, আগামীকালের ম্যাচটি আমার শেষ ম্যাচ হবে না।’
বিশ্বকাপের ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলারদের একজন রোনালদো। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি গড়েছেন অনন্য নজির। চলতি আসরে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলারও হয়েছেন তিনি।
‘ফুটবলের জন্য সবকিছু দিয়েছি’
আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে রোনালদো বলেন, ‘একদিন জাতীয় দলের জার্সি খুলে রাখার সময় অবশ্যই আসবে। তবে যখনই অবসর নিই না কেন, আমি স্বচ্ছ বিবেক নিয়েই মাঠ ছাড়ব। কারণ ফুটবলের জন্য আমি আমার সবকিছু দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি ফুটবল খেলি ভালোবাসার কারণে। প্রতিটি দিন উপভোগ করার চেষ্টা করি। এই বিশ্বকাপে আমি তিনটি গোল করেছি। খুব খারাপ তো করছি না, তাই না?’
গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে দুটি গোল করেন রোনালদো। এরপর নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন। সেটিই ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তাঁর প্রথম গোল।
‘এবারের বিশ্বকাপ আবেগের দিক থেকে সেরা’
চলতি বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে পর্তুগিজ অধিনায়ক বলেন, ‘এটি শুধু মাঠের পারফরম্যান্সের বিষয় নয়। মানুষের আবেগ, সমর্থন ও ভালোবাসার কারণে এই বিশ্বকাপ আমার কাছে বিশেষ। আবেগের দিক থেকে এটিই সম্ভবত আমার সেরা বিশ্বকাপ।’
২০১৬ সালের ইউরো জয়ী এই তারকা বলেন, বিশ্বকাপ জিততে না পারলেও তাঁর ক্যারিয়ার অপূর্ণ থেকে যাবে না।
‘বিশ্বকাপ জিতলে আমি বেশি বা কম ক্রিস্টিয়ানো হয়ে যাব না। অবশ্যই আমাদের শিরোপা জয়ের সামর্থ্য আছে, কিন্তু শেষ পর্যন্ত একজনই চ্যাম্পিয়ন হবে। বয়স মানুষকে অভিজ্ঞ ও পরিণত করে।’
সমালোচনা নিয়েও ইতিবাচক রোনালদো
ক্যারিয়ারের এই পর্যায়েও সমালোচনার মুখোমুখি হওয়া প্রসঙ্গে রোনালদো বলেন, ‘সমালোচনার জন্যও আমি কৃতজ্ঞ। কারণ মানুষ সবচেয়ে বেশি শেখে সমালোচনা থেকেই। তাই সাংবাদিকদেরও ধন্যবাদ জানাই।’
ইয়ামালকে পরামর্শ
স্পেনের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামাল সম্পর্কে রোনালদো বলেন, ‘সে অসাধারণ প্রতিভাবান। তবে দীর্ঘ ক্যারিয়ার গড়তে চাইলে তাকে প্রস্তুত থাকতে হবে। গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে হবে, কিন্তু নেতিবাচক সমালোচনায় মনোযোগ দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘যারা তোমাকে ভালোবাসে ও সমর্থন করে, তাদের কাছেই মনোযোগ রাখো। সময়ের সঙ্গে আমি শিখেছি, নিজের কাজকে ভালোবাসতে হবে এবং ইতিবাচক মানুষদের সঙ্গেই থাকতে হবে।’
রোনালদোর প্রশংসায় স্পেন কোচ
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও রোনালদোর প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত। শুধু ফুটবলার হিসেবে নয়, একজন পেশাদার মানুষ হিসেবেও তিনি অনুকরণীয়। তাঁর উচ্চাকাঙ্ক্ষা, পরিশ্রম এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করার মানসিকতা তরুণদের জন্য উদাহরণ।’
স্পেন কোচ আরও বলেন, ‘রোনালদোর মতো খেলোয়াড়কে কখনোই অবহেলা করা যায় না। তিনি যেখানেই খেলুন না কেন, তাঁর প্রতিভা ও অভিজ্ঞতার কারণে সব সময়ই বিশেষ নজর রাখতে হয়।’
২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো। তবে সেই আসরে খেলবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।