পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ১৯ স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে বিপিডিবি

বিশেষ প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুতের উৎস বহুমুখীকরণের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, সংস্থাটির নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে দেশের ১৯টি স্থানে গ্রিড-সংযুক্ত রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এসব প্রকল্পের সম্মিলিত উৎপাদন সক্ষমতা হবে ৫ মেগাওয়াট।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থানে নতুন সৌরবিদ্যুৎ প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ নিশ্চিত করতে আরও বেশি রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো যায়।

দেশের বিভিন্ন স্থানে বসছে নতুন সৌরবিদ্যুৎ ব্যবস্থা

বিপিডিবির তথ্য অনুযায়ী, নতুন প্রকল্পগুলোর মধ্যে ঘোড়াশালে ১ দশমিক ৩ মেগাওয়াট, খুলনায় ০ দশমিক ২৬ মেগাওয়াট, রাজশাহী প্রশিক্ষণকেন্দ্রে ০ দশমিক ১২ মেগাওয়াট, চট্টগ্রাম প্রশিক্ষণকেন্দ্রে ০ দশমিক ১৩ মেগাওয়াট, বিবিয়ানায় ০ দশমিক ৪০ মেগাওয়াট এবং বড়পুকুরিয়ায় ০ দশমিক ২৫ মেগাওয়াট সক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। এ ছাড়া দেশের আরও কয়েকটি স্থানে একই ধরনের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

বড় তিনটি সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজও এগোচ্ছে

রুফটপ প্রকল্পের পাশাপাশি মোট ৭৭ দশমিক ৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার তিনটি বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বিপিডিবি। ৫০, ২০ ও ৭ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার এসব প্রকল্পের দরপত্র ইতোমধ্যে খোলা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন চলছে।

মূল্যায়ন শেষ হলে প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে পাঠানো হবে। পরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে।

সৌরবিদ্যুতের সক্ষমতা বাড়ছে

বিপিডিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সৌরবিদ্যুতের মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা ১ হাজার ৮০৭ দশমিক ৭৫ মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ৫ দশমিক ১ শতাংশ।

এ ছাড়া স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর (আইপিপি) সঙ্গে ৯১৮ মেগাওয়াট সক্ষমতার ১২টি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে বিপিডিবি। এসব প্রকল্পে প্রতি ইউনিট বিদ্যুতের গড় ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৮০ মার্কিন সেন্ট, যা আগের তুলনায় কম। সাধারণত চুক্তি স্বাক্ষরের দুই বছরের মধ্যে এসব কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য

সরকার আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ একদিকে জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন বিদ্যুতের সরবরাহ বাড়াবে, অন্যদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।