বাংলা নাটকের এ সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তারা। ব্যক্তিগত জীবনেও দুজনের সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জনকে গুরুত্ব দেননি ইয়াশ ও তটিনী। বিভিন্ন সাক্ষাৎকারে তারা নিজেদের সম্পর্ককে পেশাদার ও বন্ধুত্বের বলে উল্লেখ করেছেন।
এদিকে দীর্ঘদিন ইয়াশ ও তটিনীকে একসঙ্গে নাটকে দেখা যায়নি। এতে দর্শকেরাও তাদের রসায়ন মিস করছিলেন। সেই বিরতি ধীরে ধীরে কাটছে। এবার অন্তর্জালে মুক্তি পেয়েছে তাদের নতুন নাটক ‘কাবিননামা’। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়।
নিজের গল্প ও চিত্রনাট্যে ‘কাবিননামা’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে ইয়াশ ও তটিনীর সঙ্গে অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।
প্রচারের পর থেকেই ‘কাবিননামা’ দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছে। এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ২৫ লাখ ছাড়িয়েছে। এতে স্পষ্ট, ইয়াশ-তটিনীর জুটিকে পর্দায় দেখার জন্য দর্শকের আগ্রহ ছিল। নাটকটির কমেন্ট বক্সেও দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। এর মধ্যে অধিকাংশ দর্শকই ইয়াশ-তটিনী জুটির প্রশংসা করেছেন।


