চার ক্যাচ মিসেই ভেস্তে গেল ফাইনালে ওঠার স্বপ্ন। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাংলাদেশ।
দুবাইয়ে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। ফলে ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হতো ১৫০ রান। তবে সেই লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও জুহায়াইরা ফেরদৌস। পাওয়ারপ্লের শেষ ওভারে ২৬ রানের মাথায় জুহায়াইরা বিদায় নেন। ১৮ বলে ১৪ রান করেন তিনি। এরপর ২৬ বলে ২১ রান করে আউট হন দিলারাও।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে তাঁরা সফল হননি। ২৪ বলে ১৮ রান করে উইকেট দিয়ে দলকে আরও বিপদে ফেলে যান সোবহানা। জ্যোতিও দলকে বিপদ থেকে রক্ষা করতে পারেননি। ১৭ বলে ১৯ রান করে ফেরেন তিনি। শেষ দিকে স্বর্ণা আক্তারের ২২ ও ফাহিমার ১৪ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৪০ রানের জয়ে ফাইনালে ওঠে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দীপ্তি শর্মা।
এর আগে দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে সাজঘরে ফেরান সুলতানা খাতুন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করে ভারত।
দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন লড়াই চালিয়ে যাওয়া শেফালি ভার্মা। এ ছাড়া প্রতিকা রাওয়াল ২৪ বলে ২০, রিচা ঘোষ ২১ ও দীপ্তি শর্মা ১৩ রান করেন। হারমনপ্রিত ২৮ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সুলতানা খাতুন। ৩০ রান খরচায় দুটি উইকেট নেন তিনি। এ ছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট পান।


