মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজে আনন্দঘন পরিবেশে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬
মো.শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ই অক্টোবর, ২০২৬) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সহিদুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “আজকের তরুণ সমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, সততা ও নৈতিকতার সাথে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারজানা ববি মিতু। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কাজে অংশ নিয়ে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


