লামিন ইয়ামাল কতটি গোল করলেন, কয়টি গোলে সহায়তা দিলেন—এ হিসাব ছাপিয়ে এখন আলোচনায় প্রতিপক্ষের রক্ষণভাগকে কীভাবে দিশেহারা করেছেন তিনি। রিয়াল বেতিসের বিপক্ষে গতকালের ম্যাচে একের পর এক দারুণ আক্রমণে মুগ্ধতা ছড়িয়েছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ কোচ হান্সি ফ্লিকের দাবি, এই মুহূর্তে ইয়ামালই বিশ্বের সেরা খেলোয়াড়।
বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা প্রথম ৯ ম্যাচ জিতে ৫৮ বছর পর রিয়াল মাদ্রিদের একটি রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি। ম্যাচে প্রথম গোল করার পাশাপাশি তৃতীয় গোলে সহায়তা করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। পুরো ম্যাচে ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাঁর অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন বার্সা কোচ ফ্লিকও।
বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার সুবাদে অনেক বিশ্বমানের প্রতিভাকে কাছ থেকে দেখেছেন ফ্লিক। সেই অভিজ্ঞতার আলোকে ইয়ামালকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছেন তিনি।
ম্যাচে ইয়ামালের করা প্রথম গোলটিই বিশেষভাবে মুগ্ধ করেছে ফ্লিককে। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের এক প্রান্ত থেকে উঁচু শটে জালে বল পাঠান ইয়ামাল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘তার করা প্রথম গোলই দেখুন, এটা অসাধারণ। ঠিক এখন সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
বার্সেলোনা কোচ আরও বলেন, ‘আমি তার পারফরম্যান্সে খুব খুশি এবং আমি এটাই বলতে চাই। অবশ্য তার চাপ আছে, তার বয়স ১৯ বছর এবং প্রত্যেক ম্যাচেই খেলেছে। কিন্তু সে শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ। সে খুব ভালো। তার পারফরম্যান্স ও মানসিকতা অবিশ্বাস্য এবং সেরা খেলোয়াড়রা এমনই।’
ইয়ামালের পারফরম্যান্সে গর্বিত ফ্লিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাকে বলেছিলাম আমি খুব গর্বিত। কারণ সে চমৎকার খেলা খেলেছে।’
টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৯ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। পরবর্তী লিগ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। এর আগে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে খেলবে কাতালানরা।


