রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩ তাজা ককটেল
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সদস্যরা।
বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সিপিএসসির আভিযানিক দল জানায়, আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে সিমেন্টের একটি বস্তা সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। পরে সেখানে অভিযান চালিয়ে বস্তার ভেতর থেকে লাল কসটেপে মোড়ানো ৬৪টি এবং কালো কসটেপে মোড়ানো ৩৯টি হাতে তৈরি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ককটেলের সংখ্যা ১০৩টি।
উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
তবে এসব ককটেল সেখানে কারা রেখেছিল, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।


