ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এদিকে আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সাংবাদিকদের উপস্থিতিতে এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করার আহ্বান জানান অভিনেত্রী।
এ সময় ক্যামেরার আলো চোখে ফেলায়ও বিরক্তি প্রকাশ করেন পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছে সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।
পরীমণি বলেন, ‘এই তোমাদের ক্যামেরাতে রেকর্ড আছে না? তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। ফুটেজ দেখে খুঁজে বের করবে। সাংবাদিক হয়ে মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস! চোখে লাইট দেবে না, আমার সমস্যা হচ্ছে।’
এ সময় তিনি গালিগালাজও করেন।
মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য গত বুধবার (৪ নভেম্বর) দিন ধার্য ছিল। তবে সেদিন আদালতে হাজির হননি পরীমণি। তাঁর আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। বরং পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটিতে পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
পাশাপাশি ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও প্রায় শেষ করেছেন অভিনেত্রী। তারেক রহমান পরিচালিত সিনেমাটির কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি।


