অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার উদ্দেশ্যে শরণার্থী ভিসা নেওয়া ইরান নারী ফুটবল দল-এর আরও এক সদস্য নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি রোববার নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।
টনি বার্ক জানান, রোববার মধ্যরাতের আগেই ওই খেলোয়াড় অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন। ফলে শুরুতে যে সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় থেকে গিয়েছিলেন, তাদের মধ্যে বর্তমানে মাত্র দুজন সেখানে অবস্থান করছেন। এর আগে দুইজন খেলোয়াড় ও দলের একজন সহায়ক কর্মী শনিবার সিডনি ছেড়ে কুয়ালালামপুর-এর উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, এএফসি নারী এশিয়ান কাপ খেলতে গত ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় আসে ইরান নারী দল— যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগের ঘটনা। প্রাথমিকভাবে ২৬ সদস্যের দলে ছয়জন খেলোয়াড় ও একজন সহায়ক কর্মী মানবিক ভিসা গ্রহণ করে অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাকি সদস্যরা ১০ মার্চ সিডনি থেকে কুয়ালালামপুরে চলে যান। পরে তাদের মধ্যে একজন সিদ্ধান্ত পরিবর্তন করে অস্ট্রেলিয়া ত্যাগ করেন।
বর্তমানে দলের অন্য সদস্যরা এখনও কুয়ালালামপুরে অবস্থান করছেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার অস্ট্রেলিয়া ত্যাগ করা তিনজন খেলোয়াড় পরিবার ও মাতৃভূমির প্রতি ভালোবাসার টানেই দেশে ফিরছেন।

