পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশন–এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।
এদিকে তিউনিসিয়া ও তুরস্ক ইতিমধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশ দুটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে বলে জানানো হয়েছে।
তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহার তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করছে। এ বিষয়ে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

