ঐতিহ্য আর সম্প্রীতির আবহে দুর্গাপুরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি
শান্ত দে, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
বিজয়া দশমীতে নেত্রকোণার দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী দশভূজা বাড়ি মন্দির প্রাঙ্গণে বিকেল থেকেই ভক্ত-দর্শনার্থীদের ভিড় জমে। পরে দুর্গাপুর পৌরসভার বিভিন্ন মন্দিরের প্রতিমা একত্র করে সোমেশ্বরী নদীতে বিসর্জন দেওয়া হয়।
বিকেল থেকেই ঢাকঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দেবী দুর্গাকে বিদায় জানাতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ ছিল সিঁদুর খেলা। এ সময় বিবাহিত নারীরা একে অপরের কপালে ও সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ করে আগামী বছরের জন্য মঙ্গল ও কল্যাণ কামনা করেন। হাসি-আনন্দ, শুভেচ্ছা বিনিময় ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে নারীরা দেবী দুর্গাকে বিদায় জানান। সিঁদুর খেলার মধ্য দিয়ে উৎসবে যোগ হয় বাঙালি সনাতন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতির এক বিশেষ অনুষঙ্গ।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ সময় ভক্তরা আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিসর্জনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ফায়ার সার্ভিসের সদস্য, বিজিবি সদস্য ও সাংবাদিকরা। বিপুলসংখ্যক মানুষের সমাগমে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ, সিঁদুর খেলা ও সম্প্রীতির আবহে দুর্গাপুরে বিজয়া দশমীর আয়োজন মিলনমেলায় পরিণত হয়। সোমেশ্বরী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে ভক্তদের মনে শুরু হয় আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষা।


