চট্টগ্রাম, ১৬ অক্টোবর: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে দেশের শিপিং খরচ বৃদ্ধি পেতে শুরু করেছে। এরই মধ্যে দেশীয় কনটেইনার শিপিং অপারেটর এইচআর লাইনস লিমিটেড এবং আন্তর্জাতিক শিপিং কোম্পানি মায়েরস্ক লাইন ফ্রেট রেট বাড়ানোর ঘোষণা দিয়েছে।এইচআর লাইনস জানিয়েছে, বন্দরের নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় তারা তাদের ফ্রেট রেট সমন্বয় করতে বাধ্য হয়েছে। এখন থেকে প্রতি পণ্য বোঝাই কনটেইনারে অতিরিক্ত ২০ থেকে ৩০ ডলার এবং খালি কনটেইনারে ১৫ থেকে ২০ ডলার পর্যন্ত চার্জ যুক্ত হবে। এই হার ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
একইভাবে মায়েরস্ক লাইন ২০ ফুট কনটেইনারের টার্মিনাল হ্যান্ডলিং চার্জ ১২০ ডলার থেকে বাড়িয়ে ১৬৫ ডলার করেছে।
ব্যবসায়ী নেতারা বলছেন, বন্দরের গড়ে ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বৃদ্ধি ব্যবসা-বাণিজ্যের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। তারা বলছেন, আমদানি-রপ্তানির খরচ বাড়ায় শেষ পর্যন্ত এর বোঝা ভোক্তাদের ওপরই পড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দেশের প্রতিযোগিতার সক্ষমতাও হুমকির মুখে পড়বে।পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, “এত বড় মাশুল বৃদ্ধির ফলে শিপিং লাইনগুলো চার্জ বাড়াতে বাধ্য হচ্ছে, যা দেশের ব্যবসায় অশনিসংকেত তৈরি করছে। আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়ে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।”
ব্যবসায়িক সংগঠনগুলো যৌক্তিক হারে মাশুল নির্ধারণে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, এই বাড়তি খরচ সাধারণ মানুষের জীবনে মূল্যস্ফীতির চাপ বাড়াবে।

