চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তরপত্র বিনিময়ের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের ইতিহাস বিভাগের ৩০২৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত ‘বি-২থ’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পরীক্ষার হলে দুই পরীক্ষার্থী পরস্পরের ওএমআর শিট পরিবর্তন করে একজনের প্রশ্নের উত্তর অন্যজন দাগিয়ে দেন।
বহিষ্কৃত দুই পরীক্ষার্থী রাজশাহীর আত্রাই আলিম মাদ্রাসার শিক্ষার্থী। তাঁদের একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার মোহাম্মদ মুত্তালিব এবং অপরজন রাজশাহীর হাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, পরীক্ষার হলে দায়িত্ব পালনরত পরীক্ষকেরা বিষয়টি বুঝতে পেরে প্রক্টর অফিসকে অবহিত করেন। পরে ওই দুই পরীক্ষার্থীকে প্রক্টর কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে তাঁদের পরীক্ষা বাতিল করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ‘বি-২থ’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৮১ শতাংশ। এ বছর ২৮০টি আসনের বিপরীতে মোট ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৪ হাজার ২৫৮ জন পরীক্ষায় অংশ নেন এবং ৫৯১ জন অনুপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ‘বি-২থ’ উপ–ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল শাহীন খান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম কেন্দ্রে আবেদনকারী ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২৫৮ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।
উল্লেখ্য, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত ‘বি-২থ’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পান।

