সুর ও নাচের মেলবন্ধনে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া বিশ্বখ্যাত পপতারকা লেডি গাগার জীবনে এখন নতুন আনন্দ। মাতৃত্বের স্বাদ পেয়েছেন এই তারকা। বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কয়েক দিন আগে এ খবর প্রকাশ্যে আনে পেজ সিক্স। তবে গাগার সন্তানকে ঘিরে বেশ কিছু তথ্য এত দিন অজানাই ছিল।
বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী এই পপ তারকার গর্ভে সন্তান আসেনি। সারোগেসির মাধ্যমে প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন গাগা ও মাইকেল পোলানস্কি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে গত ৯ জুন রাত ১১টা ১৯ মিনিটে (পিটি) জন্ম নেয় তাদের সন্তান। দম্পতি মেয়ের আইনি নাম রেখেছেন ‘রোজ বিন পোলানস্কি’। এর আগে প্রকাশিত প্রতিবেদনগুলোতেও সন্তানের নাম জানানো হয়নি।
হঠাৎ কেন সারোগেসির পথ বেছে নিলেন এই পপ তারকা—এ নিয়ে অনুরাগীদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে। তবে গাগার দীর্ঘদিনের শারীরিক সংগ্রামের কথা অজানা নয়। তিনি দীর্ঘদিন ধরে ‘ফাইব্রোমায়ালজিয়া’ নামের একটি বিরল ও জটিল রোগে ভুগছেন। এ রোগের কারণে পুরো শরীরে তীব্র যন্ত্রণা ও চরম ক্লান্তি তৈরি হয়। ২০১৭ সালে মুক্তি পাওয়া তাঁর নেটফ্লিক্স ডকু-সিরিজ ‘গাগা: ফাইভ ফুট টু’-তে নিজের এই কঠিন লড়াইয়ের কথা খোলাখুলিভাবে তুলে ধরেছিলেন তিনি।
তবে শারীরিক কষ্ট পেছনে ফেলে এখন নবজাতক মেয়েকে নিয়ে জীবনের আনন্দময় সময় কাটাচ্ছেন এই পপতারকা। ২০২৪ সালে বাগদান সম্পন্ন করা গাগা ও মাইকেল পোলানস্কি সম্প্রতি নিজেদের বিনোদনজগতের কোলাহল থেকে কিছুটা আড়ালে রেখেছিলেন। ছোট্ট রোজের সঙ্গে মানসিকভাবে একাত্ম হওয়ার জন্যই তারা পর্যাপ্ত সময় নিতে চেয়েছিলেন।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের রাস্তায় বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে মেয়েকে নিয়ে হাঁটতে দেখা যায় গাগাকে। কাপড়ে মোড়ানো কন্যা রোজকে কোলে নিয়ে হাঁটছিলেন তিনি। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। তখন অনেকেই ধারণা করেছিলেন, নিজের সন্তানকে নিয়েই হাঁটছেন এই পপতারকা।


