২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।আজ বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনে ২৮ বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সাঁতাও; সিনেমাটির নির্মাতা খন্দকার সুমন সেরা পরিচালক হয়েছেন। এটি সুমনের প্রথম সিনেমা। সিনেমাটি মোট চারটি পুরস্কার পেয়েছে।
‘সুড়ঙ্গ’ অভিনেতা আফরান নিশো সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’ আট বিভাগে পুরস্কার পেয়েছে।
‘সাঁতাও’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন), সেরা অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ), সেরা শিশুশিল্পী মো. লিয়ন (আম কাঁঠালের ছুটি), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার আরিফ হাসান (আম কাঁঠালের ছুটি)। সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি), সেরা গায়ক বালাম (ও প্রিয়তমা), প্রিয়তমা; সেরা গায়িকা অবন্তী দেব সিঁথি, (গোটা পৃথিবীতে খুঁজো…এ গাঁ ছুঁয়ে বলো), সুড়ঙ্গ; সেরা গীতিকার সোমেশ্বর অলি (ঈশ্বর), প্রিয়তমা; সেরা সুরকার প্রিন্স মাহমুদ, (ঈশ্বর) প্রিয়তমা।
সেরা কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা) এবং যুগ্মভাবে সেরা সংলাপ রচয়িতা হয়েছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।
সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ (ওরা সাত জন), সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার (সুড়ঙ্গ), সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও), সেরা পোশাক ও সাজসজ্জা বীথি আফরীন (সুড়ঙ্গ) ও সেরা মেকআপম্যান সবুজ (প্রিয়তমা)। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈত্রালী সমদ্দারের মরিয়ম, সেরা প্রামাণ্যচিত্র এলিজা বিনতে এলাহীর লীলাবতী নাগ: দ্য রেবেল।
মানবজমিন

