ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানজট নিরসন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ২টি টিম নিয়ে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট এবং টোল প্লাজাগুলো পরিদর্শন করেছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে তারা এই ঝটিকা পরিদর্শনে যান। ২টি টিমের মধ্যে একটি তেজগাঁও প্রান্তে এবং অপর একটি টিম বিমানবন্দর এলাকায় পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।
পরিদর্শনকালে সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘প্রধানমন্ত্রী জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে অত্যন্ত আন্তরিক।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে নগরবাসীর সময় বাঁচাতে। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দীর্ঘ যানজট মেনে নেওয়া হবে না। আমরা সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি অব্যাহত রাখব।’
সেতু সচিব আরও বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর জন্য একটি আস্থার নাম।এক্সপ্রেসওয়েতে টোল দিতে গিয়ে যদি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, তবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) বুথগুলোর কার্যকারিতা বাড়ানো ও টেকনিক্যাল ত্রুটি দ্রুত মেরামত এবং যানজটের চাপ বেশি থাকলে টোল বুথগুলোতে অতিরিক্ত লোকবল নিয়োগ করে দ্রুত ম্যানুয়াল টোল আদায়ের ব্যবস্থা নিশ্চিত করতে সচিব মহোদয় বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ, পরিচালক (ওএন্ডএম) ও প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার, অতিরিক্ত পরিচালক (পিএন্ডডি) ওয়ালীউল হাসান এবং ফাস্ট ঢাকা এলিভেটেড কম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

